দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা অন্তত এক সপ্তাহ স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
সোমবার (১৩ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহাম্মাদ আলী তোহার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লাখো মানুষ পানিবন্দী, অসংখ্য পরিবার গৃহহীন এবং অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে।
সংগঠনটির দাবি, এখন পর্যন্ত বন্যায় ৫১ জনের মৃত্যু হয়েছে এবং সাত জেলায় প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। অনেক পরীক্ষার্থী ও তাদের পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অনেকের বই-খাতা, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় কাগজপত্রও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত। একই সঙ্গে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সংশোধিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সংগঠনটি শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও শিক্ষার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যক্তি, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানানো হয়েছে।
এমএস/